কুড়িগ্রামের উলিপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।শারমিন আক্তার উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারা দালালীপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সফিয়াল রহমানের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন আক্তার গত দুই বছর পূর্বে আপন মামাতো ভাই রোমানকে ভালবেসে বিয়ে করে। রোমান পার্শ্ববতি রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল হাকিমের পূত্র। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হলে শারমিন আক্তার অভিমান করে বাবার বাড়িতে ফিরে আসে। এরপর সে বাবার বাড়িতে থেকে ধরনীবাড়ি লতিফ রাজিয়া ফাজিল মাদরাসায় লেখাপড়া করে আসছে। মঙ্গলবার(১১আগষ্ট) ভোররাতে সবার অজান্তে ঘর সংলগ্ন একটি পেয়ারা গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন। পরে বাড়ির লোকজন পেয়ারা গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।