ভুরুঙ্গামারীতে থানাঘাট-সাহেবগঞ্জ বর্ডার সড়কে শোভা পাচ্ছে সামাজিক বনায়ন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে থানাঘাট-সাহেবগঞ্জ বর্ডার সড়কে শোভা পাচ্ছে সামাজিক বনায়ন। সবুজে ভরে গেছে গ্রামীণ সড়কের দুপাশ। রয়েছে চালতা, কাঠবাদাম, নিম, জলপাই সহ হরেক রকমের ফলজ, বনজ ও ঔষধী গাছ।

পাশাপাশি কৃষি কাজের নিমিত্তে সড়কের দুপাশে লাগানো হয়েছে শিম, লাউ, ঝিঙে, মিষ্টি কুমড়া, শসা, ঢেঁড়স।

আমার গ্রাম আমার শহর পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ভুরুঙ্গামারী উপজেলায় থানাঘাট সাহেবগঞ্জ বর্ডার সড়কের কমিউনিটি ভিত্তিতে উন্নয়নকৃত সড়কের স্লোপ ও সোল্ডারে করা হয়েছে এ সামাজিক বনায়ন ও কৃষি কাজ।

তিন কিলোমিটার সড়কের দুপাশে চোখে পড়ছে সারি সারি দেশীয় ফলের গাছ ও শাক-সবজির মাচা। সবজি গাছে সবুজ লতাপাতা, ফুল-ফলে মাচাগুলো ভরে গেছে। সুপারী ও পেঁপের গাছও লাগিয়েছেন। গ্রামীণ সড়কের দু”পাশের সৌন্দর্য প্রকৃতিতে চিরসবুজে ফুটে উঠেছে।

এসব সবজি ও দেশীয় ফল-মূল যেমন পুষ্টি চাহিদা মেটাবে। উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় হবে। পাশাপাশি সড়কের স্লোপ ও সোল্ডার রক্ষণাবেক্ষণ হবে।

সড়কে গিয়ে দেখা গেছে, উপজেলা এলজিইডির দায়িত্বরত এলসিএস কর্মীরা গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করছেন। নিয়মিত খোঁজ খবর রাখছেন উপজেলা প্রকৌশলী সেই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রকল্পের কাজ পরিদর্শন করছেন।

সড়কে পরিচর্যাকারী এলসিএস কর্মী শ্রী মতি মঞ্জুরি রানী বলেন, সকাল আটটা থেকে রাস্তায় আছি, রাস্তায় কাজ করি, গাছের পরিচর্যা করছি। এ প্রকল্পের মাধ্যমে আমাদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী মোস্তাফিজুর রহমান রিন্টু বলেন, গ্রামবাসী হিসেবে আমরা খুবই খুশি। এখান থেকে আমরা পেঁপে পেয়েছি, বেগুন খেয়েছি। আমরা অনেকেই উপকৃত হয়েছি।

পাথরডুবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাহারুল ইসলাম মাস্টার এ প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অবহেলিত এই এলাকায় সবুজ শ্যামল বৃক্ষরাজি দিয়ে বনায়নের মাধ্যমে একটি আদর্শ সড়কে পরিণত হয়েছে।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, প্রকল্পের আওতায় তিন কিলোমিটার সড়কে করা হয়েছে সুন্দর একটি সামাজিক বনায়ন। এখানে তিন ধরনের ফলজ বনজ ও ঔষধী গাছ লাগানো হয়েছে। প্রকল্প পরিচালক মহোদয় স্বয়ং এ প্রকল্পের মনিটরিং করছেন। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ প্রকল্প শতভাগ সফল হয়েছে বলে আমি মনে করি।