ইবি প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসে পুষ্পস্তাবক অর্পণ করাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মারামারি, শহীদ বেদিতে জুতাসহ ওঠা, পুষ্পমাল্য ভাংচুরসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ক্যাম্পাসের স্বাধীনতার স্মারক ভাস্কর্য মুক্তবাংলার পাদদেশে পুষ্পস্তাবক অর্পণকালে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বুধবার সন্ধ্যায় সাদা দলের অাহ্বায়ক প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব প্রফেসর ড. শরফরাজ নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতি সূত্রে, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে সাদা দলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সুশৃঙ্গলভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যায়। এসময় সরকার সমর্থিত কিছু কর্মকর্তা-কর্মচারী মূল বেদিতে হট্টোগোল, মারামারি ও ভাংচুরে লিপ্ত হয়। এতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান বিঘ্নিত হয় এবং মহান বিজয দিবসের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে এমন ঘটনা নজিরবিহীন। এ ঘটনার জন্য সাদা দল ইসলামী বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে। একই সাথে অনতিবিলম্বে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
Leave a Reply