হৃতিক রোশনের বিপরীতে ‘সুপার থার্টি’তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন টেলিভিশন তারকা ম্রুণাল ঠাকুর। এতে অভিনয় করার পর দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ম্রুণাল। এরপর নিখিল আদভানি পরিচালিত ‘বাটলা হাউস’-এ দেখা গেছে তাকে। যেখানে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন জন আব্রাহামকে। বলতে গেলে ২০১৯ সালটি ভালোই কেটেছে ম্রুণালের।
২০২০ সালটিও ভালোভাবে শুরু হয়েছে ম্রুণালের। কেননা গত ১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত শর্টফিল্ম ‘ঘোস্ট স্টোরিস’। শিগগিরই দেখা যাবে শহিদ কাপুরের ‘জার্সি’ ও ফারহান আখতারের ‘তাফান’-এ। আর এরইমধ্যে প্রকাশ্যে এলো এক নতুন তথ্য।
অক্ষয় কুমারকে নিয়ে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রঞ্জিত তিওয়ারি। নাম ‘বেল বটম’। আর সেখানেই নাকি বলিউডের এই খিলাড়ি তারকার নায়িকা হিসেবে পাওয়া যাবে ম্রুণাল ঠাকুরকে। যদিও বা এ বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
২০১৯ সালের মতো ২০২০ সালটিও যে ম্রুণালের ভালোই কাটবে সেটি বোঝাই যাচ্ছে!

Leave a Reply