করোনা ভুরুঙ্গামারী উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০

নিজস্ব প্রতিবেদকঃ

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন নারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ জনে।

রবিবার (১৯ জুলাই) রাতে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ২ জনের মধ্যে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স  বয়স ২৬ বছর ও একজন গৃহবধু বয়স ২৯ বছর। করোনা পজিটিভ ওই গৃহবধুর বাড়ী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামে। গত ১২ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, উপসর্গ দেখা দেয়ার সাথেই তাদের নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়। নার্স পুর্বের আক্রান্ত নার্সদের সংস্পর্শে এবং গৃহবধু কমিউনিটি ট্রান্সমিশন থেকে আক্রান্ত হতে পারে।